একীভূত বিসিএস ক্যাডার ও বেতার থেকেই মহাপরিচালক দাবি
একীভূত বিসিএস (তথ্য) ক্যাডার এবং প্রতিষ্ঠান থেকেই পদন্নতি দিয়ে মহাপরিচালক নিয়োগসহ ব্যাচভিত্তিক পদোন্নতি, নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রস্তাবিত নিয়োগবিধি বাতিলপূর্বক পুন:সংশোধন এবং বাংলাদেশ বেতারের নিজস্ব শিল্পীদের পদ স্থায়ীকরণ ও পদোন্নতির ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বেতারে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার আগারগাঁও প্রশাসনিক এলকায় বাংলাদেশ বেতারে, ঢাকা কেন্দ্রের মূল ফটকের সামনে মানব বন্ধন থেকে এসব দাবি জানানো হয়। বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির আহ্বায়ক আনোয়ার হোসেন মৃধার নেতৃত্বে শতাধিক বেতার কর্মকর্তা ও শিল্পীরা এই মানববন্ধনে অংশ নেন।
বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির ব্যানারে অনুষ্ঠিত মানব বন্ধন থেকে জানানো হয়, বিসিএস তথ্য ক্যাডারের চারটি সাব-ক্যাডার রয়েছে। উপসচিব পদে আবেদন প্রেরণের ক্ষেত্রে এ চারটি সাব ক্যাডারের মধ্যে একটি সাব ক্যাডার গণযোগাযোগ/পিআইডি থেকে ১৩৬টি ভিত্তি পদের বিপরীতে প্রতি বছর ১০ টি আবেদন গ্রহণ করা হয় অথচ নিদারুণ বৈষম্যের নজির স্থাপন করে বাংলাদেশ বেতারের বিসিএস তথ্য ক্যাডারের ৩টি সাব ক্যাডার থেকে ৩২৩ টি ভিত্তি পদের বিপরীতে অযৌক্তিকভাবে মাত্র ১০টি আবেদন গ্রহণ করা হয়েছে। এই বৈষম্যের অবলোপন চান আন্দোলনকারীরা।
তারা আরো জানান, বাংলাদেশ বেতারের ৯ম, ১৩ তম এবং ১৫ তম বিসিএস কর্মকর্তারা এখনো ৪র্থ গ্রেডে আছেন। এছাড়াও, ২৪ তম থেকে ২৭ তম বিসিএস এর কর্মকর্তারা ৬ষ্ঠ গ্রেডে রয়েছেন যাদের অধিকাংশ ১৪ বছরের অধিক এবং ২৮ তম থেকে ৩৫ তম বিসিএস-এর নবম গ্রেডের অধিকাংশ কর্মকর্তা প্রায় ৮ থেকে ১৪ বছর ধরে পদোন্নতি বঞ্চিত রয়েছেন। এই বঞ্চনার অবসান ঘটাতে হবে।







